বিবেক
দ্বিমাসিক সাহিত্য পত্রিকা
e সংস্করণ
প্রকাশকাল : জানুয়ারী, ২০২৫
সম্পাদকের কলমে ✍️
আত্মহত্যা করতে দেখলাম মানবতাকে। উৎসবের আবেগে তছনছ হতে দেখলাম মানুষকে। শয়তানের পরিকল্পনার মতো স্বচ্ছ পদ্মার স্রোতস্বিনী জলধারা।
ধর্মের মুখোশে অধর্ম কতদিন দাপিয়ে বেড়াবে সভ্য সমাজে, সভ্যতার বুকে -- প্রশ্নচিহ্ন থেকে যায়। রাষ্ট্রযন্ত্রের কলকব্জায় মরচের মতো জাঁকিয়ে বসেছে ধর্মীয় মৌলবাদ। গনতান্ত্রিক পরিকাঠামোর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করছে ধর্মব্যবসায়ীরা। ধর্মীয় মৌলাবাদী সন্ত্রাসের বিশ্বায়ন শুধু সময়ের অপেক্ষা। অবৈধ ভ্রূণেদের দখলে আমাদের শুভচিন্তা,ভাবনা,ঐতিহ্য,আবেগ।
নষ্টভ্রূণের মতো গা ঢাকা দিতে দেখলাম প্রতিবাদকে।
******************************************
আমার দেশ
মৃন্ময় রায়
আমার ঘরটি ঐ বড় রাস্তার ধারে
ঝলমলে রঙ ছবির মতো লাগে
সামনে একটা ছোটো বাগান
রঙ বেরঙের ফুল কত যে ফোটে।
আমার দেশটি অন্ধকারে খোঁজে আলো
তার দুঃখে কার কি যায় আসে
হেথায় শাসন শোষন সবই চলে
রাজায় রাজায় যুদ্ধ কত যে ঘটে।
শিশির ভেজা পথ গেছে যে বেঁকে
নীল আকাশ সবুজ ধানের ক্ষেতে,
শ্বাসটা নিলাম অনেক দিনের পরে,
দেশটি আমার এই কথাটি মনে তখন আসে।
পথ দিয়ে যাই হেঁটে ফিরি আপন মনে
সব কিছু মোর যেন চির চেনা
মানুষ পশু পাখি আপনজনা,
দেশটা মোদের সবাই যেন ভালোবাসে।
**********************************
শেখর পাল এর তিনটি কবিতা
গান
যারে খুঁজে বেড়াই দিগন্তভেদি
সে যে আমার চোখের আলে বসে
চোখাচুখী হতে লাজে মরে...
লতিয়ে শিয়োর চুড়ে
কেমন ভাবি এ ভাবনা
ভাবের ফটক দ্বারে...
যারে খুঁজে বেড়াই...
দিগন্ত ভেদি ওরে...
সে যে ভাবের ফটক দ্বারে।।
সমাজ
ভালোবাসতে পারবো একথা বলছিনা
ভালোবাসার আবেগ জন্মেছে অধিক
তুমি কি ভরসা করতে পারবে...
যদি পার জায়গাটা ভরাট কর
সিঁথির সরণীতে প্রীতির প্রসাধনে
সৃষ্টি হোক তোমার আমার সমাজ।
প্রিয়ে
অর্ধশতাব্দীর পরে, দেখিনু তারে
বস্তু পরে পড়ে ছায়া।
সে নয়, সে নয়, নয় সে তো
আপন আড়ে দেহ
আপনি ভুলে আপন মায়ায়,
প্রিয়ে একি ভুল, তব দেখা
ঈর্ষা করে যে ছায়া--
আছো তাই হৃদয়পুরে।
*****************************************
শুভাকাঙ্ক্ষী
নবীন সাউ
অর্ণব আজি তটিনীতীরে
গাহিতেছে গুরু গম্ভীর সুরে
শৃঙ্গধরসম উদক লয়ে
পিঞ্জরে বরাঙ্গ লুটায়ে
গর্জিছে শুভ ইচ্ছাশোকে
বৃহৎ এ নরলোকে জ্ঞাত নাহি কেউ
মোর এ তরঙ্গিত তেজস্বী ঢেউ
পারে করিতে নগর ধুলিস্যাৎ
পলকে হইবে সক্কলে চিৎপাত
নাহি চাই ধ্বংসাতে এ নগর
দর্পে ব্যর্থ হইবে মোর স্বর
জীর্ণ বন্ধন হননে দক্ষ মোরবল
জ্ঞাতশারে.... অজ্ঞাত....
আজও এই নির্বোধ অধমের দল।
*****************************************
বিশ্বজিৎ মাইতি র দুটি কবিতা
বন্ধুদের কবিতা
চৌরাস্তার মোড়ে যে বন্ধুকে চেঁচিয়ে ডাকলাম
--সৌমেন কেমন আছিস?
সে আসলে দেবু।
চায়ের দোকানে দেবাশিস আমাকে বলল
--এই মোটা, সিগারেট খাবি?
আমি তো আসলে বিশু!
আমি ও আমার বন্ধুরা দেখা হলে, এইভাবে
হারিয়ে যাওয়া বন্ধুদের স্মৃতি উসকে নিই।
সাংসারিক
তিনি ভেবেছিলেন আমার ঘোড়াশাল আছে--
মানে ঘোড়াশালে ঘোড়া আছে
লাল,নীল,সাদা,কালো রঙের!
তিনি ভেবেছিলেন আমার হাতিশাল আছে!
হাতিশালে হাতি আছে
ছোটো,বড়ো,মাদি,মদ্দা
হয়তো আমার একটি কুনকে হাতিও আছে!
তার মান রাখতে বাধ্য হয়ে ভিক্ষেয় বেরিয়েছি--
চারদিক ফলফুলের শোভায় ঝকমক করছে
চারদিকে সবুজ শস্য লুটোপুটি খাচ্ছে,
চারদিকে থই থই করছে আনন্দ!
দেখা হয়ে গেল দুই স্যাঙাতের সঙ্গে--
তাদের সঙ্গে বসে গঞ্জিকাতে সুখটান দিচ্ছি এখন...
*****************************************
অসহায় বাস্তব
ক্লান্ত পথিক
প্রায় একযুগ পর ফিরে এলো হারিয়ে যাওয়া মুখগুলো। ঘিরে ঘিরে বলে আবার দেখা হবে। চেনা পথে চলতে অভ্যস্ত হবার পর কবে আবার পথ ভুলে পৌঁছে যাব হারিয়ে যাওয়া ফেলে আসা অতীতে।
নতুন ভাবনার উদ্দীপনাগুলো যেখানে আজো বাসা বেঁধে আছে নতুনদের জন্য। পরিবর্তনের ডামাডোলে আজও তেমনি ভাবে আছে সৃষ্টির ভাবনাগুলো। তবু কেন বারে বারে মনে হয় হারিয়ে গেলাম,হারিয়ে যাব.......
সান্ত্বনার প্রতিশব্দ শুধুই--- ভবিষ্যৎ।
******************************************
সাধারণ হতে
কৃষ্ণেন্দু বিজুলী
চাইনি তো হতে আমি
নামজাদা নামিদামী
চেয়েছি তো সাধারণ হতে।
তবু ও তো একধারে
ওরা অপর পারে
মাঝে রহে মন্দাকিনী স্রোতে,
আশা আকাঙ্ক্ষা যত
কামনা যে অবিরত
ক্ষীয়মান চন্দ্রকলা সম।
চেয়েছি ওপারে যেতে
সাধারণ জন পেতে
তবু অপূর্ণ বাসনা মম।
*****************************************
সঞ্জয় দাস এর দুটি কবিতা
অবসান
একান্তে সময় কাটায় স্মৃতিরা
অবাধ্য চিন্তারা উৎসমুখে
ফিরে ফিরে চায়।
কথা দিয়ে কথারা মুখ ফেরায়।
দেখা হবে ভেবে ভেবে
দেখে যাই তোমার ফেরার রাস্তায়।
সব কল্পনার অবসান ঘটিয়ে
তুমি ফেরো শব্দহীন।
নিঃশব্দে নীরবে কফিনবন্দি।
বধ্যভূমি
আজ নয়
অন্য এক বিকেলে
গল্পের ভীড়ে
অজানা হাতে
রেখো হাত।
জোনাকির আলোয়
আগুন মেখে
সামনে দাঁড়াও।
রঙিন আবিরে
বাতাস ভিজুক
শূন্যতায় ছুঁড়ে দাও একবার--
অহংকার!
মোমবাতি জ্বেলে রাখি
বিশ্বাসের বধ্যভূমিতে।
#####################################
সম্পাদকীয় ঠিকানা------:
সঞ্জয় দাস,
সম্পাদক - বিবেক পত্রিকা,
গ্রাম ও পোস্ট-- গড়বাড়ী,
থানা—ভূপতিনগর,
জেলা--পূর্ব মেদিনীপুর,
পিন-- 721 626,
পশ্চিমবঙ্গ,
ভারতবর্ষ
Email--- sanjoybibek@gmail.com
Blog--- www.bibekpatrika.blogspot.com
*****পরবর্তী সংখ্যার জন্য আপনার স্বরচিত কবিতা, গল্প, রম্যরচনা, অনুগল্প, প্রবন্ধ, নিবন্ধ পাঠান সম্পাদকীয় ঠিকানায়| email -এও লেখা পাঠাতে পারেন|
======================================